বৈষম্যহীন, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রবাসীসহ দেশ-বিদেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। রোববার (২২ নভেম্বর ২০২৬) অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়: ভয়েসেস ফ্রম অস্ট্রেলিয়া’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতিতে ডা. শফিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়। বক্তব্যে তিনি বলেন, কেবল আর্থিক রেমিট্যান্স নয়, বরং প্রবাসীদের মেধা, জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ অর্জন বা ‘ইন্টেলেকচুয়াল রেমিট্যান্স’ দেশের উন্নয়নে কাজে লাগানো প্রয়োজন। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মেধাবী বাংলাদেশিরা যাতে জন্মভূমিতে ফিরে অবদান রাখতে পারেন, সেই পরিবেশ তৈরির প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
জুলাই অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকার কথা স্মরণ করে বিরোধীদলীয় নেতা বলেন, দেশের গণমাধ্যম যখন নির্যাতন ও নিপীড়নের চিত্র যথাযথভাবে তুলে ধরতে পারেনি, তখন প্রবাসীরা সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজপথে আন্দোলনের মাধ্যমে বিশ্ববাসীর কাছে তা পৌঁছে দিয়েছেন। এর জেরে অনেক প্রবাসী গ্রেপ্তার ও শাস্তির মুখোমুখি হয়েছেন এবং এখনো ৫৪ জন প্রবাসী কারাগারে রয়েছেন বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি দেশে ফেরার পর বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার ও লাঞ্ছনার ঘটনা বন্ধ করে তাঁদের যথাযথ সম্মান এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান তিনি।
জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে ডা. শফিকুর রহমান বলেন, এই অভ্যুত্থানের কোনো একক মাস্টারমাইন্ড ছিল না; ১০ মাসের শিশুকে কোলে নিয়ে রাজপথে আসা মা, শহীদ মুগ্ধ, আবু সাঈদসহ অসংখ্য ছাত্র-জনতা ও আহত যোদ্ধারাই এর প্রকৃত নায়ক। জুলাই সনদ ও গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন এবং রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার ওপর জোর দেন তিনি।
তরুণ প্রজন্মের নেতৃত্ব প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশের অগ্রযাত্রায় তরুণদের সামনে রেখে প্রবীণদের সহযোগীর ভূমিকা পালন করা উচিত এবং নারী-পুরুষ সবার সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। সরকার ও বিরোধী দলের সম্পর্ক বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় স্বার্থে সরকারের ভালো কাজে সমর্থন দেওয়া হলেও ভুল ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে। এ সময় তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস ও দুর্নীতি নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ খলিল অনুষ্ঠানে প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য দেন। একাডেমিক ও গবেষক শিবলী সোহাইল, ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু ইউসুফ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসিফ ইকবাল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি, ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম।

