প্রধান খবর

ভারতে সড়ক দুর্ঘটনা : একই পরিবারের ৯ জন নিহত

ভারতের রাজস্থানের কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। এ মর্মান্তিক ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে মহারাষ্ট্রের একই পরিবারের ১৫ জন সদস্য ছিলেন। তাঁরা রাজস্থানের খাতু শ্যামজি মন্দির দর্শন শেষে নিজ বাড়িতে ফিরছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে চারজন নারী, তিনজন পুরুষ এবং দুটি শিশু রয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে কোটা শহরের পুলিশ সুপার (এসপি) তেজস্বিনী গৌতমসহ পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাঁরা দুমড়েমুচড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে আটকে পড়াদের উদ্ধার করেন। আহত ছয়জনকে অ্যাম্বুলেন্সে করে নিউ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং সেখানে তাঁদের চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল দল গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ (এডিএম-সিটি) প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা দুর্ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছেন।

নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা কালেক্টর রাজেশ জোশি এ ঘটনাকে ‘অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক’ বলে অভিহিত করেছেন। তিনি জানান, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করাই এখন প্রশাসনের প্রধান অগ্রাধিকার। পাশাপাশি নিহতদের মরদেহ ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে বলেও উল্লেখ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *