যানজট, মানুষের ভিড় আর ব্যস্ততায় মুখর ঢাকা ঈদের দিনে যেন সম্পূর্ণ বদলে যায়। চারদিকে নেমে আসে নীরবতা। পথঘাট ফাঁকা, মূল সড়কে বাসের সংখ্যা হাতে গোনা। মানুষের উপস্থিতিও খুব কম।
শনিবার ঢাকার মতিঝিল, গুলিস্তান, বাড্ডা, মালিবাগ, কমলাপুর ও মুগদার প্রধান সড়ক ঘুরে দেখা গেছে-হাতেগোনা কিছু মানুষ ঈদের নতুন পোশাক পরে এদিক-ওদিক হাঁটছেন। সড়কে কিছু প্রাইভেটকার চললেও বাসের সংখ্যা ছিল খুবই কম, আর যেগুলো চলছিল সেগুলো প্রায় যাত্রীশূন্য।
রিকশা ও সিএনজির সংখ্যা তুলনামূলক বেশি দেখা গেলেও যাত্রীরা অভিযোগ করেছেন অতিরিক্ত ভাড়া নেওয়ার। ঈদের দিনে রাজধানীর এই নীরবতা বিকেলের দিকে কিছুটা ভাঙতে পারে বলে ধারণা করা হচ্ছে, যখন মানুষ পরিবার-পরিজন নিয়ে বের হন ঘুরতে বা আত্মীয়স্বজনের বাড়িতে যেতে।

