প্রধান খবর

সিডনিতে বাংলাদেশ অস্ট্রেলিয়া ফ্রেন্ডশিপ কাউন্সিলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সৌহার্দ্য জোরদার করার পাশাপাশি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশ অস্ট্রেলিয়া ফ্রেন্ডশিপ কাউন্সিল ইনকের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সিডনির মিন্টো এলাকার অভিজাত জমিদার বাড়ি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আলমগীর ইসলাম বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অমি ফেরদৌসের প্রাণবন্ত সঞ্চালনায় সিডনি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুধীজনরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সুসংগঠিত সাংগঠনিক কাঠামো এবং প্রবাসীদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বাংলাদেশ অস্ট্রেলিয়া ফ্রেন্ডশিপ কাউন্সিলকে একটি অধিকতর কার্যকর, গতিশীল ও কমিউনিটিবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ জোর দেন। এছাড়াও অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক সমাজে বাংলাদেশি প্রবাসীদের ইতিবাচক অবদান, নতুন প্রজন্মের মাঝে দেশীয় কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চা অব্যাহত রাখা এবং দুই দেশের জনগণের মধ্যে সামাজিক-সাংস্কৃতিক বন্ধন সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত থেকে মূল্যবান মতামত ও দিকনির্দেশনা দেন আব্দুল খান রতন, মোহাম্মদ হায়দার আলী, নিগার এলাহি চৌধুরী, সৈয়দ তানভীর আলম, পরাগ রহমান, আসাদ ওমর খান, তারিক হাসান, মামুন খান, নাসিম সজল, মোহাম্মদ মোর্শালিন, মোবারক হোসেন, এস এম সাগর, মোহাম্মদ কাউসার আহমেদ, হোসাইন কবির, বাদশা ফয়সাল এবং পিয়াস তুরহান প্রমুখ।

আলোচনা শেষে অংশগ্রহণকারীরা বিভেদ ভুলে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও ঐক্যের শক্তিতে বলীয়ান হয়ে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। প্রবাসীদের সার্বিক কল্যাণ এবং নতুন প্রজন্মের সঙ্গে বাংলাদেশের নাড়ির টান বজায় রাখতে এই প্রস্তুতিমূলক সভাটি একটি ইতিবাচক ও দূরদর্শী পদক্ষেপ বলে মনে করছেন উপস্থিত বিশিষ্টজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *