প্রধান খবর

শ্রমিক সমাবেশ ঘিরে রাজধানীতে কমেছে ব্যাটারিচালিত রিকশা, ভোগান্তিতে যাত্রীরা

টানা কয়েক দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও সোমবার সকালে রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা ছিল তুলনামূলক কম। এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও কর্মজীবীরা। অনেককে দীর্ঘ সময় অপেক্ষা করেও যানবাহন পেতে সমস্যায় পড়তে হয়েছে। কোথাও কোথাও ভাড়াও বেশি গুনতে হয়েছে যাত্রীদের।

জানা গেছে, রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে যোগ দেওয়ার কারণে সড়কে রিকশার সংখ্যা কমেছে। সোমবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিলের কর্মসূচি রয়েছে। এরপর প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কথা সংগঠনটির।

সংগঠনটির যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম নাদিম জানান, বিআরটিএর মাধ্যমে লাইসেন্স প্রদান, রুট পারমিট দেওয়া এবং বিদ্যুতের মিটার সংযোগ বিচ্ছিন্ন না করাসহ ১২ দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

তবে চালকদের সমাবেশে যোগ দিতে বাধ্য করার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তার দাবি, রিকশা আটকে দেওয়া বা যাত্রীদের নামিয়ে দেওয়ার কোনো নির্দেশনা সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়নি। স্বেচ্ছায় অংশ নিতে আগ্রহীদের আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে কয়েকজন চালক জানিয়েছেন, সমাবেশ উপলক্ষে দুই দিন ধরে বিভিন্ন এলাকায় মাইকিং ও গ্যারেজে লিফলেট বিতরণ করা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় রিকশা কম চলায় সাধারণ যাত্রীদের দৈনন্দিন যাতায়াতে বাড়তি দুর্ভোগ পোহাতে হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *