প্রধান খবর

৭ দিনের সফরে বাংলাদেশ আসছেন মাওলানা মাহমুদ মাদানী

বিশ্বখ্যাত ইসলামী বিদ্যাপীঠ ভারতের দারুল উলূম দেওবন্দের শূরা সদস্য ও জমিয়তে উলামায়ে হিন্দের (একাংশ) সভাপতি মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানী এক সপ্তাহের সফরে বাংলাদেশ আসছেন। আগামী ১৩ থেকে ২০ নভেম্বর পর্যন্ত তিনি দেশের বিভিন্ন জেলা ও ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠানে আয়োজিত একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। সফল সফর শেষে ২১ নভেম্বর শনিবার তার ভারতে ফিরে যাওয়ার কথা রয়েছে।

সোমবার (৯ নভেম্বর) মাওলানা মাহমুদ মাদানির বাংলাদেশ সফর বাস্তবায়ন কমিটির সভাপতি মুফতি রশীদ মকবুল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সফরকালে প্রখ্যাত এই আন্তর্জাতিক আলেম দেশের একাধিক শীর্ষ মাদ্রাসা, ঐতিহ্যবাহী খানকাহ ও বৃহৎ ধর্মীয় সম্মেলনে অংশগ্রহণ করবেন। বিভিন্ন মহাসমাবেশে বয়ান পেশ করার পাশাপাশি তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম-উলামা ও ধর্মীয় ব্যক্তিত্বদের সাথে মতবিনিময় করবেন। তার এই আগমনকে ঘিরে দেশের আলেম সমাজ ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

সফরসূচি অনুযায়ী, ১৩ নভেম্বর শুক্রবার বাংলাদেশে পৌঁছানোর পর নরসিংদীর জামিয়া ইসলামিয়া হানাফিয়া বাঘীবাড়ী মাদ্রাসায় তিন দিনব্যাপী ইসলামী ইজতেমার প্রথম দিনে বাদ মাগরিব প্রধান বয়ান পেশ করবেন তিনি। পরদিন ১৪ নভেম্বর শনিবার সিলেটের ঐতিহাসিক মাদানী খানকাহ এবং ১৫ নভেম্বর রোববার গোলাপগঞ্জে আয়োজিত ধর্মীয় কর্মসূচিতে অংশ নেবেন। ১৬ নভেম্বর সোমবার তিনি নরসিংদীর ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া নূরুল উলুম পাড়শাইল মাদ্রাসা পরিদর্শন করবেন।

পরবর্তী দিনগুলোতেও তার ব্যস্ত সময় কাটবে। ১৭ নভেম্বর মঙ্গলবার মাদারীপুরের ঐতিহ্যবাহী বাহাদুরপুর পীর সাহেবের খানকাহ এবং খুলনার জামিয়া ইসলামিয়া আসাদুল উলুম মাদানীনগর মাদ্রাসায় বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। ১৮ নভেম্বর বুধবার সকালে রাজধানীর দারুল উলুম বনশ্রী মাদ্রাসা পরিদর্শনের পাশাপাশি সকাল ১১টায় ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত ঐতিহাসিক ‘খতমে নবুওয়াত কনফারেন্সে’ অংশ নেবেন তিনি।

সফরের শেষ দিকে ১৯ নভেম্বর বৃহস্পতিবার মুন্সীগঞ্জ সফর শেষে ঢাকার ইদারাতুল উলুম আফতাবনগর মাদ্রাসার ইজতেমায় বয়ান করবেন। ২০ নভেম্বর শুক্রবার হবিগঞ্জের উমেদনগর মাদ্রাসায় জুমার খুতবা ও নামাজে ইমামতি করবেন এবং ওই দিন রাতেই ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহাসিক জামিয়া ইউনুসিয়ায় প্রধান অতিথি হিসেবে বয়ান রাখবেন। এই আন্তর্জাতিক আলেমের সফরকে স্মরণীয় করে রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে এখন জোর প্রস্তুতি চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *