প্রধান খবর

পূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

শারদীয় দুর্গাপূজায় অতিরিক্ত ছুটিসহ বিভিন্ন দাবি আদায়ে গাজীপুরের কোনাবাড়ীতে আঞ্চলিক সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর থেকে মহানগরীর জরুন এলাকায় অবস্থিত ইন্টারন্যাশনাল ট্রেডিং সার্ভিস লিমিটেডের (স্ট্যান্ডার্ড গ্রুপ) শ্রমিকেরা কোনাবাড়ী-পল্লী বিদ্যুৎ আঞ্চলিক সড়কে অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শিল্প পুলিশ ও শ্রমিকদের তথ্যমতে, একই প্রতিষ্ঠানের অন্য শাখায় দুর্গাপূজা উপলক্ষে তিন দিনের ছুটি ঘোষণা করা হলেও সংশ্লিষ্ট শাখায় মাত্র এক দিনের ছুটি দেওয়া হয়েছে। এ কারণে সরকারি ছুটির সঙ্গে আরও এক দিন ছুটি বাড়ানোর দাবিতে আন্দোলনে নামেন শ্রমিকেরা।

আন্দোলনরত শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে বেতন প্রদানের সময় বিকাশের লেনদেন খরচ বহন, সাপ্তাহিক ছুটি শুক্রবার নির্ধারণ, শুক্রবার কাজ করলে অতিরিক্ত কর্মঘণ্টার পারিশ্রমিক প্রদান এবং শ্রমিক ছাঁটাই বন্ধ করা। পাশাপাশি নামাজের সময় আগের মতো ফ্লোরের আলো বন্ধ রাখা ও কর্মীদের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সৌজন্যমূলক আচরণ নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

নারী শ্রমিকদের পক্ষ থেকে দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করার পরিবর্তে আগের মতো বসার ব্যবস্থা এবং অসুস্থ হলে চিকিৎসাকেন্দ্রে যাওয়ার অনুমতি দেওয়ার দাবিও জানানো হয়েছে। এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছেন, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি সমাধানের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *