প্রধান খবর

ফিলিস্তিনিদের জলপাই চুরি করার বৈধতা দিলেন ইসরায়েলি ধর্মীয় নেতা

ইসরায়েলের এক প্রভাবশালী ইহুদি ধর্মীয় নেতা ফিলিস্তিনিদের জলপাইবাগান থেকে জলপাই চুরি করে জমির মালিকানা দাবি করার পক্ষে একটি বিতর্কিত ও উসকানিমূলক ধর্মীয় রায় দিয়েছেন। রাবি ডভ লিওর নামের ওই নেতা সম্প্রতি এক বিধান জারি করে অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি মালিকানাধীন জমি থেকে জলপাই সংগ্রহের অনুমতি দিয়েছেন। তাঁর দাবি, এই কাজ ফিলিস্তিনিদের ওপর এক ধরণের ধর্মীয় ও ঐতিহাসিক বিজয়।

১৯৩৩ সালে পোল্যান্ডে জন্ম নেওয়া রাবি লিওর ফিলিস্তিনিদের খামার থেকে জলপাই চুরির এই ঘটনাকে ‘অতিরিক্ত একটি পুণ্যকর্ম’ বলে অভিহিত করেছেন। তাঁর মতে, ইহুদি বসতিস্থাপনকারীদের উচিত ইসরায়েলি জনপদ থেকে দূরে থাকা ফিলিস্তিনিদের জমিগুলো ‘জয় করা’, যাতে প্রকাশ্যে নিজেদের মালিকানা প্রদর্শন করা যায়। রায়ে আরও অদ্ভুত যুক্তি দেখানো হয়েছে যে, আরবরা নাকি কখনোই এই জমিগুলো কেনেনি; তাই শত শত বছর ধরে ফিলিস্তিনিদের দখলে থাকা এই ভূখণ্ডই মূলত ‘চুরি করা জমি’ এবং এর প্রকৃত মালিক ইহুদি জনগণ।

এমন এক সময়ে এই বিতর্কিত ধর্মীয় বিধানটি এসেছে, যখন পশ্চিম তীরে জলপাই সংগ্রহের ভরা মৌসুমে ফিলিস্তিনি কৃষকদের ওপর উগ্রপন্থী বসতিস্থাপনকারীদের সহিংসতা চরমে পৌঁছেছে। সম্প্রতি পশ্চিমতীরজুড়ে ফসল সংগ্রহের সময় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাবাহিনী ও বসতিস্থাপনকারীদের অন্তত ৩৪টি পৃথক হামলায় কমপক্ষে ১৯ জন সাধারণ মানুষ আহত হয়েছেন। সহিংসতার সংবাদ সংগ্রহের সময় দ্য ওয়াশিংটন পোস্টের এক মার্কিন ফটোসাংবাদিকও হামলাকারীদের শিকার হয়েছেন। এ ছাড়া পাঁচটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর কঠোর বিধিনিষেধ এবং সশস্ত্র বসতিস্থাপনকারীদের ক্রমাগত প্রাণঘাতী হুমকির কারণে অনেক ফিলিস্তিনি কৃষক তাঁদের নিজেদের জমিতে ফসল তুলতে যেতে পারছেন না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসরায়েলে আসন্ন নির্বাচনকে সামনে রেখে কট্টর ডানপন্থী দলগুলোর সমর্থন পেতে বসতিস্থাপনকারী ও তাদের উগ্র সমর্থকদের উসকে দিতেই এ ধরনের উসকানিমূলক ফতেওয়া বা ধর্মীয় রায় দেওয়া হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *