প্রধান খবর

নিজ দেশের ৫ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

সন্ত্রাসবাদ ও রাষ্ট্রীয় নিরাপত্তার ওপর হুমকি সৃষ্টিকারী অপরাধে জড়িত থাকার দায়ে নিজ দেশের পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ শনিবার (১৭ অক্টোবর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, চরমপন্থী ও সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে প্রত্যক্ষ জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় তাঁদের এ দণ্ড কার্যকর করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবরণ অনুযায়ী, সাজাপ্রাপ্ত ব্যক্তিরা বিদেশী একাধিক নিষিদ্ধ সন্ত্রাসী সংস্থায় যোগদান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, প্রশাসনিক সদর দপ্তর ও পুলিশের গাড়িতে গুলি বর্ষণ এবং বিপজ্জনক অবৈধ অস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণের দায়ে অভিযুক্ত ছিলেন। এছাড়া দেশের অভ্যন্তরে বড় ধরনের সন্ত্রাসী হামলায় অর্থায়ন ও প্রত্যক্ষ সহায়তা করার মারাত্মক অভিযোগও প্রমাণিত হয় তাঁদের বিরুদ্ধে।

বিবৃতিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ সৌদি নাগরিকের পরিচয় প্রকাশ করা হয়েছে। তাঁরা হলেন-মুহাম্মদ বিন মুনির বিন মুহাম্মদ আল-যাহের, আলী বিন আবদির রব্ব আল-হুসাইন আল-শেখ, হাসান বিন জাকি বিন মুহাম্মদ আল-ফারাজ, রেদা বিন মুহাম্মদ বিন আলী আল আবু আব্দুল্লাহ এবং আলী ইবনে হাসান বিন আহমাদ আল-রিবহ।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের গ্রেফতার করে উপযুক্ত তথ্যপ্রমাণসহ বিচার বিভাগে সোপর্দ করে। বিশেষ আদালতে দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে অভিযোগের গুরুত্ব বিবেচনায় বিচারক তাঁদের ‘তাজির’ দণ্ডে দণ্ডিত করে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন। পরবর্তীতে আপিল আদালত ও সুপ্রিম কোর্ট বিচারিক আদালতের রায় বহাল রাখেন। চূড়ান্ত পর্যায়ে শরিয়াহ আইন মোতাবেক দণ্ড কার্যকরে রাজকীয় ডিক্রি জারি হলে আজ শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে তাঁদের চূড়ান্ত দণ্ড কার্যকর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *