প্রধান খবর

‘আমি আওয়ামী লীগ না’ বলে হেলমেট ছুঁড়ে ফেললেন জামায়াত নেতা আখতারুজ্জামান

ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত প্রাঙ্গণে প্রিজনভ্যান থেকে নামার সময় হাতকড়া পরিহিত অবস্থায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। প্রিজনভ্যানের দরজায় দাঁড়িয়ে মাথা থেকে পুলিশি নিরাপত্তার হেলমেট খুলে ছুঁড়ে ফেলে দিয়ে তিনি চিৎকার করে বলেন, ‘আমি আওয়ামী লীগ না!’

শনিবার (৩ অক্টোবর) দুপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে একটি প্রিজনভ্যানে করে তাঁকে আদালতে হাজির করা হয়। কড়া পুলিশি বেষ্টনীর ভেতর বিমানবন্দর থানার মামলায় তাঁকে রিমান্ড শুনানির জন্য এজলাসে নেওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় নিরাপত্তার স্বার্থে পুলিশ তাঁকে হেলমেট পরাতে চাইলে তিনি তা পরা থেকে কঠোর অস্বীকৃতি জানান এবং হেলমেট ছুঁড়ে ফেলে নিজের ক্ষোভ উগরে দেন।

উত্তেজিত অবস্থায় উপস্থিত সাংবাদিকদের সামনে মেজর (অব.) আখতারুজ্জামানকে বলতে শোনা যায়, ‘প্রয়োজন হলে এখানেই আমার মৃত্যু হবে, পুলিশের গুলি খাবো; তবুও আমি হেলমেট পরবো না।’ এ সময় বারবার তিনি পুলিশ সদস্যদের হাতকড়া পরা অবস্থায় থাকার কথা মনে করিয়ে দিয়ে নিজের রাজনৈতিক পরিচয় ও অনড় অবস্থানের কথা জানান।

আদালত সূত্রে জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মকর্তাদের ওপর হামলা ও মারমুখী আচরণের অভিযোগে রুজু হওয়া মামলায় তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালতে রিমান্ড শুনানির জন্য তাঁকে পেশ করা হয়েছে।

এর আগে, গত ১ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ট্রলি সংকট ও অব্যবস্থাপনাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, কর্তব্যরত কর্মকর্তাদের গালাগাল এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। উক্ত মামলার পরিপ্রক্ষিতে গত শুক্রবার বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্ট ডিওএইচএস এলাকার নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *