ঢাকায় ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে নিবন্ধন, জোনভিত্তিক চলাচল ও জিপিএস নজরদারির পরিকল্পনা নিয়েছে সরকার। প্রস্তাব অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে চারটি করে মোট আটটি জোনে ভাগ করা হবে।
পরিকল্পনায় দুই সিটির ফিডার সড়কে চার লাখ করে মোট আট লাখ রিকশা চলাচলের অনুমোদনের প্রস্তাব রয়েছে। প্রতিটি জোনে নির্ধারিতসংখ্যক রিকশা চলবে এবং এক জোনের রিকশা অন্য জোনে প্রবেশ করতে পারবে না। প্রধান সড়কে এসব রিকশা চলাচল করতে পারবে না।
স্থানীয় সরকার বিভাগের খসড়া পরিকল্পনায় বুয়েট অনুমোদিত নতুন রিকশা নিবন্ধনের পর সড়কে নামানো এবং পুরোনো রিকশা বদলে নতুন গাড়ি দেওয়ার প্রস্তাব রয়েছে। নতুন দুই সিটের রিকশার সম্ভাব্য দাম ধরা হয়েছে ১ লাখ ৮০ হাজার থেকে ২ লাখ ১০ হাজার টাকা। নিবন্ধন ফি ১০ হাজার এবং বার্ষিক নবায়ন ফি ৩ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া ১৮ থেকে ৬৫ বছর বয়সীদের ৫০০ টাকা ফিতে পাঁচ বছরের চালকের লাইসেন্স দেওয়ার পরিকল্পনা রয়েছে। অবৈধ চার্জিং বন্ধে নির্দিষ্ট চার্জিং পয়েন্ট, ব্যাটারি সোয়াপিং স্টেশন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর প্রস্তাবও রাখা হয়েছে।

