সিডনির বহুসাংস্কৃতিক সমাজে খেলাধুলার মধ্য দিয়ে সম্প্রীতি, সংস্কৃতি ও বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে আয়োজিত হতে যাচ্ছে ‘সিসিএ স্প্রিং ফেয়ার ২০২৬’। চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার (সিসিএ) উদ্যোগে অনুষ্ঠিতব্য এই স্প্রিং ফেয়ারে শিশুদের ক্রীড়া ও বিনোদনমূলক কার্যক্রমের দায়িত্ব নিয়ে কমিউনিটি পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ক্রীড়া সংগঠন ‘ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টস’ (সিইএস)।
আগামী ১১ অক্টোবর (রবিবার) সিডনির বিখ্যাত ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে বসবে এই বৈচিত্র্যময় ও বর্ণাঢ্য প্রবাস মেলা। মেলার বিশেষ আকর্ষণ হিসেবে শিশুদের জন্য বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত থাকবে ‘কিডস স্পোর্টস অ্যান্ড ফান গেমস’। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করবে ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টস।
শিশুদের শারীরিক বিকাশ, শারীরিক সক্রিয়তা এবং প্রবাসে খেলাধুলার আনন্দ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এ পর্বে থাকছে ক্রিকেট, ফুটবল ও ব্যাডমিন্টনসহ রকমারি আকর্ষণীয় খেলাধুলা। এসব বিনোদনমূলক ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে দলগত মানসিকতা, সুস্থ প্রতিযোগিতা ও বন্ধুত্বের নেটওয়ার্ক তৈরি হবে বলে মনে করছেন সংগঠকরা।
ক্যাম্পবেলটাউন ঈগলস স্পোর্টসের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মেহদী খান বলেন, “চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার সঙ্গে এই যৌথ প্রয়াসের মাধ্যমে সিসিএ স্প্রিং ফেয়ারের মতো বৃহৎ প্ল্যাটফর্মে খেলাধুলার ইতিবাচক প্রভাবকে তুলে ধরাই আমাদের প্রধান উদ্দেশ্য। শিশুদের আনন্দময় অংশগ্রহণ শুধু তাদের মনকে প্রফুল্ল করবে না, বরং প্রবাসী বিভিন্ন পরিবারের মধ্যে সামাজিক যোগাযোগ ও বন্ধন সুদৃঢ় করবে।”
দিনব্যাপী এই মেলায় ক্রীড়া ইভেন্ট ছাড়াও থাকছে বাংলাদেশি ও আঞ্চলিক সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী খাবারের স্টল, পোশাক ও প্রসাধন সামগ্রীর কেনাকাটার সুযোগ এবং পরিবারের সব বয়সের মানুষের উপযোগী নানা আয়োজন। প্রবাসের কর্মব্যস্ত জীবন থেকে একটু ফুরসত নিয়ে পরিবার-পরিজনসহ বর্ণিল এই উৎসবে যোগ দিতে সিডনীবাসী প্রবাসী বাংলাদেশিদের প্রতি আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা।

