চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে পাঠানোর জন্য প্রথম নভোচারী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। এ লক্ষ্যে দেশটির দুই পাইলট জিশান আলী ও খুররাম দাউদকে চীনে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের মধ্য থেকে একজনকে মহাকাশ অভিযানের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।
পাকিস্তানের মহাকাশ সংস্থা সুপারকোর কর্মকর্তা আমের গিলানি জানান, দুই পাইলট বেইজিংয়ের চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারে কয়েক মাস প্রশিক্ষণ নিয়েছেন। মহাকাশযান পরিচালনা, চীনা ভাষা, ওজনহীন অবস্থায় কাজ করা এবং মহাকাশযাত্রার সময় শারীরিক চাপ সামলানোর বিষয়ে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অক্টোবরে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
নির্বাচিত পাইলট মহাকাশযান পরিচালনার পরিবর্তে ‘পেলোড স্পেশালিস্ট’ হিসেবে বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন। পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া ৩০০টির বেশি গবেষণা প্রস্তাবের মধ্য থেকে চারটি গবেষণা বেছে নেওয়া হয়েছে। এসব গবেষণার মূল বিষয় জীবপ্রযুক্তি, যা ভবিষ্যতে খাদ্যসংকট ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ভূমিকা রাখতে পারে।
২০১৯ সালে পাকিস্তান ও চীন যৌথভাবে এ মহাকাশ অভিযান নিয়ে কাজ শুরু করে। চীনের সহায়তায় এরই মধ্যে পাকিস্তানের কয়েকটি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে। এ ছাড়া ২০২৮ সালের দিকে চীনের চ্যাং’ই-৮ চন্দ্রাভিযানে পাকিস্তানের একটি রোভার পাঠানোর পরিকল্পনা রয়েছে। তিয়াংগং স্টেশনে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে গবেষণা চলছে।

