প্রধান খবর

‘সহায়তার দাবি সম্পূর্ণ ভুয়া!’ জায়েদ খানকে ‘প্রতারক’ বললেন অসুস্থ অভিনেতা

চিত্রনায়ক জায়েদ খানের আর্থিক সহায়তার দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিশিষ্ট অভিনেতা ও কবি রিফাত চৌধুরী। একই সঙ্গে জায়েদ খানকে কঠোর ভাষায় সমালোচনা করে তাকে ‘অসৎ’ ও ‘প্রতারক’ বলে অভিহিত করেছেন চিকিৎসাধীন এই গুণী শিল্পী।

দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভোগা রিফাত চৌধুরী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ইউনিট-৩-এ চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি তাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে মর্মে চিত্রনায়ক জায়েদ খানের একটি দাবি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজর কেড়েছিল।

তবে হাসপাতালে শয্যাশায়ী রিফাত চৌধুরী গণমাধ্যমের সামনে এসে সেই দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করে বলেন, “জায়েদ খান আমাকে কোনো আর্থিক সহায়তা করেননি। তিনি আমাকে যে সহায়তা করেছেন, এই দাবি পুরোপুরি ভুয়া ও ভিত্তিহীন। তিনি একধরনের অসৎ, প্রতারক ও অসম্ভব বাজে লোক।” এই ধরনের অসত্য খবর কীভাবে এবং কারা প্রচার করছে, তা নিয়েও ক্ষোভ প্রকাশের পাশাপাশি প্রশ্ন তোলেন তিনি।

এর আগে গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে জায়েদ খান দাবি করেছিলেন, “শিল্পীর পাশে শিল্পী থাকবে-এটাই স্বাভাবিক। সেই জায়গা থেকেই সাধ্যমতো রিফাত ভাইয়ের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আশা করি অন্যরাও এই গুণী অভিনেতা ও কবির পাশে দাঁড়াবেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।” জায়েদ খানের এই বক্তব্যের পর রিফাত চৌধুরীর সরাসরি প্রত্যাখ্যান ও তীব্র প্রতিক্রিয়ায় বিনোদন অঙ্গনে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

উল্লেখ্য, শারীরিক অসুস্থতার পাশাপাশি চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন প্রবীণ এই অভিনেতা। সম্প্রতি জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে রিফাত চৌধুরীর চিকিৎসায় সবার সহযোগিতা চেয়ে একটি আবেগঘন পোস্ট দেন। এর পরপরই টিভি নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’ তাঁর পাশে এসে দাঁড়ায় এবং আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *