প্রধান খবর

বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে: মীর শাহে আলম

বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, বিএনপিকে হুমকি না দিতে। তিনি দাবি করেন, বিএনপি কারও হুমকিকে পরোয়া করে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এনসিপির নেতাদের কর্মকাণ্ড ফ্যাসিস্ট আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনার পরিস্থিতি তৈরি করছে।

এনসিপির নেতাদের সমালোচনা করে মীর শাহে আলম বলেন, তরুণ প্রজন্মের তাদের প্রতি প্রত্যাশা ছিল। তরুণ নেতৃত্ব দেশের জন্য ভালো কিছু করবে এমন আশা থেকেই বিভিন্ন জায়গায় তাদের নির্বাচিত করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তবে তাদের বক্তব্যের ধরনকে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

বিরোধী দলের কয়েকজন নেতার বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি তারেক রহমানকে নিয়ে মন্তব্যের সমালোচনা করেন। নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা এ ধরনের মন্তব্য সহ্য করবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *