সারা দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এই নির্দিষ্ট সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে নতুন কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৪ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৮৩ জনের। গত ২৪ ঘণ্টায় দেশের ঢাকা, হবিগঞ্জ ও কুষ্টিয়া জেলায় চিকিৎসাধীন অবস্থায় একজন করে শিশুর মৃত্যু ঘটেছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত একদিনে নতুন করে ৬৪ জনের দেহে পরীক্ষাগারে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এর ফলে চলতি বছর দেশে মোট নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ১৫ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১,২০১ জনের শরীরে রোগটির লক্ষণ ও উপসর্গ মেলায় সন্দেহভাজন মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সর্বোচ্চ সতর্কতাবস্থায় রয়েছে।

