প্রধান খবর

নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসছিল ৬ বছরের শিশু লুবনার মরদেহ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে টানা তিন দিন নিখোঁজ থাকার পর লুবনা আক্তার (৬) নামের এক শিশু কন্যার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের সরদার বাড়ির সংলগ্ন পুকুর থেকে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করেন। নিহত শিশু লুবনা একই এলাকার বাসিন্দা মো. লিটন ও রুনা আক্তার দম্পতির কন্যাসন্তান।

পরিবারের স্বজনদের সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ৩টার দিকে স্বজনদের অগোচরেই বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ছোট্ট লুবনা। এরপর থেকে স্বজনেরা সম্ভাব্য নানা স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটির কোনো সন্ধান পাননি। পরবর্তীতে বুধবার বিকেলে লুবনার নানা মোহাম্মদ হারুন ও বাবা মো. লিটন প্রতিবেশীর পুকুরে তার মরদেহ ভাসতে দেখে কান্নায় ভেঙে পড়েন। তাদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন এবং তাৎক্ষণিক পুলিশে খবর দেওয়া হয়।

সংবাদ পেয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রেজাউল করিম রাজিব দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটির মরদেহ উদ্ধার করেন। পুলিশের প্রাথমিক ধারণায় অসাবধানতাবশত পানিতে পড়েই শিশুটির অকালমৃত্যু হয়েছে। ঘটনাটি নিয়ে পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি; বরং অসচেতনতার ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে স্বজনেরা মন্তব্য করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *