প্রধান খবর

কিশোরকে গলা টিপে হত্যা, ১৯ বছর পর মামা-ভাগ্নের যাবজ্জীবন

ভোলার সদর উপজেলায় কিশোর রেদোয়ান রাসেল হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙাশিয়া গ্রামের লোকমান হোসেনের ছেলে মো. সুজন ও তার মামা মো. ইলিয়াস। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ভোলা জেলা ও দায়রা জজ শরীফ এ. এম. রেজা জাকের এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০০৭ সালের ২৮ ডিসেম্বর সন্ধ্যায় রেদোয়ান তার বাবার হাওলাদার বাজারের মুদি দোকানে ছিল। তার কাছে মায়ের কেনা নোকিয়া ১১০০ মডেলের একটি মোবাইল ফোন ছিল। এ সময় প্রতিবেশী সুজন ফোনে কথা বলার কথা বলে তাকে দোকান থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে নিখোঁজ হয় রেদোয়ান।

নিখোঁজের দুই দিন পর ৩০ ডিসেম্বর দক্ষিণ চরপাতা দারোগার খালের পাশে এক কিশোরের মরদেহ পাওয়া যায়। পরিবারের সদস্যরা সেটি রেদোয়ানের বলে শনাক্ত করেন। মরদেহের মুখ ও গলায় আঘাতের চিহ্ন ছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। ওই দিন রেদোয়ানের বাবা আব্দুল হক ভোলা সদর মডেল থানায় হত্যা মামলা করেন।

তদন্ত শেষে সুজন ও ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০০৯ সালের ২৩ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. তৈয়ব জানান, সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ করে আদালত এ রায় দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *