দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ফের চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন।
চার দিনের রিমান্ড শেষে গাজী নজরুলকে আদালতে হাজির করে আরও সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন। আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে নজরুল জানিয়েছেন, পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে মরিয়ম আত্মহত্যা করেছেন। মামলার প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তাকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।
শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ রিমান্ডের পক্ষে যুক্তি দেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মো. মাহবুবুর রহমানসহ অন্যরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। তারা নজরুলের হৃদ্রোগের কথা উল্লেখ করে বলেন, আগের রিমান্ডে তদন্তে অগ্রগতি হয়নি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২০ সেপ্টেম্বর সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ সংসদ সদস্য গাজী নজরুল, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন। এরই মধ্যে মাকছুদা ও ওবায়দুরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

