প্রধান খবর

পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৬

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি মসজিদে জুমার নামাজের সময় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন নিহত এবং ৫০ জনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আফগান সীমান্তবর্তী কোহাট এলাকায় অবস্থিত একটি পুলিশ সদর দপ্তরের মসজিদে এই মর্মান্তিক হামলার ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, জুমার নামাজ চলাকালে কোহাট পুরনো পুলিশ লাইন্সের মূল প্রবেশপথে এই বিস্ফোরণটি ঘটানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জুলফিকার হামিদ জানান, বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে আততায়ী পুরনো পুলিশ লাইন্সের গেটে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পরপরই ওই এলাকায় বেশ কিছু সময় ধরে গোলাগুলির শব্দও শোনা যায়।

হামলার পর দ্রুত উদ্ধারকারী দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আইনপ্রয়োগকারী সংস্থা পুরো এলাকা ঘিরে ফেলে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *