প্রধান খবর

ঢাবিতে তোফাজ্জল হত্যাকাণ্ডের ২ বছর : আসামিদের বড় অংশ জামিনে ও পলাতক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে চোর সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যার দুই বছর পূর্ণ হলেও এখনো থমকে রয়েছে বিচার প্রক্রিয়া। দেশজুড়ে আলোড়ন সৃষ্টিকারী এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মোট ২৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলেও অধিকাংশ আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। আসামীদের মধ্যে নয়জন জামিনে এবং ১৭ জন দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন, আর বর্তমানে কেবল দুজন কারাগারে আটক আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রতিবেদন অনুযায়ী, পলাতক ১৭ জন আসামির গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য গত ২৩ আগস্ট দিন ধার্য থাকলেও তা সম্ভব হয়নি। আদালত পরবর্তীতে নতুন করে আগামী ২৮ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিচার বিলম্বিত হওয়ায় তোফাজ্জলের পরিবার চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে। তোফাজ্জলের মামাতো বোন আসমা আক্তার তানিয়া বিচার পাওয়ার আকুতি জানিয়ে বলেন, দুই বছর পেরিয়ে গেলেও এখনো মূল বিচারিক কার্যক্রম শুরু না হওয়া অত্যন্ত বেদনাদায়ক।

২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর রাতে সংঘটিত এই মর্মান্তিক ঘটনার পরদিন শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। পিবিআই-এর পুনস্তদন্ত শেষে জমা দেওয়া চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ নাম-ঠিকানা প্রদান করা হলেও আসামিদের বড় অংশ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ বাড়ছে। তবে প্রসিকিউশন পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, মামলাটি বিচারের জন্য প্রস্তুত হলে দ্রুততম সময়ে মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের মাধ্যমে বিচার শেষ করা হবে।

(সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *