কুমিল্লার নাঙ্গলকোটে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের মাত্র এক মাসের মাথায় এক নবদম্পতির বিষপানের মর্মান্তিক ঘটনা ঘটেছে। এতে স্বামী নয়ন হোসেন (২৪) মারা গেছেন এবং তাঁর স্ত্রী বর্ষা বেগম (২২) গুরুতর অসুস্থ অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নাঙ্গলকোট পৌর বাজারসংলগ্ন রেললাইনের পাশে এই বিষপানের ঘটনা ঘটে। নিহত নয়ন হোসেন উপজেলার হেসাখাল ইউনিয়নের কুরকুটা গ্রামের কলিম উল্লার ছেলে এবং তাঁর স্ত্রী বর্ষা বেগম চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মনির হোসেনের মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, প্রায় এক মাস আগে ভালোবেসে ঘর বেঁধেছিলেন নয়ন ও বর্ষা। তবে হঠাৎ কী কারণে তাঁরা একসঙ্গে বিষপানের মতো চরম পথ বেছে নিলেন, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না স্বজনেরা। নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শাহীন জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই নয়ন হোসেনের মৃত্যু হয়েছিল। অপর দিকে বর্ষা বেগমের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় তাঁকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার নেপথ্যের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

