নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকে ঘিরে আক্রমণের পরিকল্পনা থাকলেও কৌশল বদলে গভর্নর ক্যাথি হোকুলকেই প্রধান রাজনৈতিক নিশানা বানিয়েছে রিপাবলিকানরা। দ্বিতীয় মেয়াদে গভর্নর পদে লড়াই করা হোকুলকে সামনে রেখে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে কর বৃদ্ধি, অপরাধনীতি ও জীবনযাত্রার উচ্চ ব্যয়ের সার্বিক দায় চাপাচ্ছে বিরোধী দলটির প্রার্থীরা। বিশেষ করে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বিভিন্ন আসনে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নির্ধারণী ভোটে হোকুলের দুর্বল জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সাধারণ ভোটারদের নিজেদের পক্ষে টানতে চাইছে রিপাবলিকান শিবির।
রিপাবলিকান নেতাদের দাবি, ৩৪ বছর বয়সী ডেমোক্র্যাটিক সমাজতন্ত্রী মেয়র মামদানির প্রভাব মূলত নিউইয়র্ক শহরের ভেতরেই সীমাবদ্ধ। ফলে শহরতলি ও অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে (আপস্টেট) তাঁর চেয়ে গভর্নর হোকুলই ভোটারদের কাছে বেশি প্রাসঙ্গিক। রিপাবলিকান প্রার্থী ব্রুস ব্লেকম্যান, মার্ক মোলিনারো ও মাইক লিপেট্রি তাঁকেই প্রধান আক্রমণের লক্ষ্যবস্তু করেছেন। তবে অভিযোগের জবাবে হোকুলের মুখপাত্র রায়ান রাদুলোভাকি জানান, ডেমোক্র্যাট সরকার বিনামূল্যে স্কুলের খাবার, অর্থ ফেরত ও ডোনাল্ড ট্রাম্পের নীতিবিরোধী যেসব জনকল্যাণমূলক কাজ করেছে, রিপাবলিকানরা তা আড়াল করার চেষ্টা করছে।
অন্যদিকে, দোদুল্যমান ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোতে দলীয় গভর্নরকে ঘিরে এক জটিল রাজনৈতিক পরিস্থিতির মুখে পড়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। সিয়েনা রিসার্চ ইনস্টিটিউটের জরিপে হোকুল ৪৯-৩৯ শতাংশে এগিয়ে থাকলেও তাঁর প্রতি ইতিবাচক ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির ব্যবধান খুবই সামান্য। এর ফলে অনেক ডেমোক্র্যাট প্রার্থীই নিজেদের নির্বাচনী লড়াইয়ে হোকুলের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে রাজনৈতিক কৌশল সাজাচ্ছেন।

