প্রধান খবর

সিলেটে ৩ দিন ধরে নিখোঁজ ২ মাদ্রাসাছাত্র : মুক্তিপণ দাবি

সিলেটের খাদিমপাড়া এলাকার ‘জাবালে নূর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা’ থেকে দুই শিক্ষার্থী নিখোঁজের তিন দিন পার হলেও এখনো তাদের কোনো সন্ধান মেলেনি। এ ঘটনার মধ্যে নিখোঁজ এক শিক্ষার্থীর হাত-পা বাঁধা ও মারধরের অস্পষ্ট ভিডিও দেখিয়ে স্বজনদের কাছে ইমো অ্যাপের মাধ্যমে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই শিক্ষার্থীর অভিভাবক এবং মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষে শাহপরাণ থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলো-দক্ষিণ সুরমার বড়াইকান্দি এলাকার আবদুস সাত্তারের ছেলে তামিম আহমেদ এবং জকিগঞ্জ উপজেলার মউগ্রামের বেবুল আহমদের ছেলে সাঈদ মাসুদ চৌধুরী (নাঈম)। তারা দুজনই উক্ত মাদ্রাসার হিফজ বিভাগে পড়াশোনা করত। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে ফজরের নামাজের সময় তারা দুজন কাউকে না জানিয়ে মাদ্রাসা ভবন থেকে বের হয়ে যায়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ সাঈদের বাবা বেবুল আহমদ জানান, একটি নম্বরবিহীন ইমো অ্যাকাউন্ট থেকে তাঁর ফোনে মেসেজ ও কয়েক সেকেন্ডের একটি অস্পষ্ট ভিডিও পাঠানো হয়, যেখানে তাঁর ছেলেকে মারধর করার দৃশ্য দেখিয়ে একটি বিকাশ নম্বরে ১ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে ছেলেকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। তবে শাহপরাণ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস আহমেদ জানান, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। যে বিকাশ নম্বর থেকে টাকা চাওয়া হয়েছে সেটি গত এক বছর ধরে বন্ধ রয়েছে। নিখোঁজের ঘটনা ঘটলে প্রায়ই কিছু প্রতারক চক্র এমন সুযোগ নেওয়ার চেষ্টা করে থাকে।

পুলিশ আরও জানায়, নিখোঁজদের মধ্যে তামিম নামের শিক্ষার্থীটি এর আগেও দুইবার না বলে মাদ্রাসা থেকে বাড়ি চলে গিয়েছিল। নিখোঁজ দুই শিক্ষার্থীর ছবি ইতোমধ্যে দেশের বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়িতে পাঠানো হয়েছে। তাদের দ্রুত উদ্ধারে পুলিশি অভিযান ও ছায়াতদন্ত জোরদার করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *