জামালপুরের মাদারগঞ্জে স্ত্রীর প্রতি চরম নৃশংসতার এক ভয়াবহ চিত্র সামনে এসেছে। রান্না করা গরম ডাল ছুড়ে মেরে স্ত্রীর মুখমণ্ডল ঝলসে বিকৃত করে দেওয়া এবং পরবর্তীতে তাকে তালাক দেওয়ার অভিযোগে ওবায়দুল ওরফে ‘ডিজে ওবায়দুল’ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মাদারগঞ্জ পৌরসভার জোনাইল গ্রামে।
ভুক্তভোগী রিক্তা আক্তার জানান, কয়েক বছর আগে মাদারগঞ্জ উপজেলার বাশদাইড় গ্রাম থেকে জোনাইল গ্রামের তোতা মিয়ার ছেলে পেশায় সাউন্ড অপারেটর ওবায়দুলকে বিয়ে করেন তিনি। দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তান রয়েছে। গত বছর এক বিদ্যুৎ দুর্ঘটনায় স্বামীর হাত ক্ষতিগ্রস্ত হলে রিক্তাই পাশে থেকে স্বামীর চিকিৎসা করান। কিন্তু সুস্থ হওয়ার পরপরই ওবায়দুল টিকটক ও পরকীয়ায় আসক্ত হয়ে পড়েন। কয়েক মাস আগে পরকীয়া ও টিকটকের প্রতিবাদ করলে ওবায়দুল ক্ষিপ্ত হয়ে ফুটন্ত গরম ডাল স্ত্রীর মুখে ছুড়ে মারেন। দীর্ঘ চিকিৎসার পরও রিক্তার বিকৃত চেহারা স্বাভাবিক হয়নি। পরবর্তীতে নির্যাতন আরও বাড়িয়ে গত সপ্তাহে তাকে একতরফা তালাক দেন ওবায়দুল।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে গত মঙ্গলবার রাতে অভিযুক্ত স্বামী ওবায়দুলকে গ্রেফতার করে এবং বুধবার (১৬ সেপ্টেম্বর) তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। যদিও গ্রেফতারের পর ওবায়দুল অভিযোগ অস্বীকার করে দাবি করেন, মৃগীরোগের কারণে রিক্তা নিজেই গরম পানিতে পড়ে গিয়েছিলেন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধূর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

