প্রধান খবর

আমি চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দিবো: যুবদল নেতার নামে পোস্টার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ‘আমি চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা ফ্রি দিবো’—এমন অদ্ভুত ও বিতর্কিত প্রতিশ্রুতি সংবলিত পোস্টারে ছেয়ে গেছে সিরাজপুর ইউনিয়ন। সেখানে নাম ও ছবি থাকা স্থানীয় যুবদল নেতা মো. খোকনের দাবি, তার সুনাম ক্ষুণ্ন করতে রাজনৈতিক প্রতিপক্ষ এটি ষড়যন্ত্র করে লাগিয়েছে।

সোমবার রাতে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকার দেয়ালে দেয়ালে এই পোস্টারগুলো সাঁটানো হয়। বিতর্কিত ওই পোস্টারে লেখা ছিল: ‘আসন্ন ১ নং সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি গাঁজার ডিলার (খোকন) চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি কথা দিচ্ছি, আমি চেয়ারম্যান হিসেবে জয়ী হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা ফ্রীতে দিবো।’ শুধু তা-ই নয়, এতে ‘বেকারদের জন্য গাঁজা ভাতা’, ‘মাদকসেবীদের জন্য বিশেষ কার্ড’ এবং ‘স্কুল-কলেজের সামনে ফ্রি সাপ্লাই’ দেওয়ার মতো চটকদার ও আপত্তিকর বার্তা ব্যবহার করা হয়।

পোস্টারটির ছবি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় নেটিজেনদের মধ্যে নানা ধরনের সমালোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র মন্তব্য দেখা গেছে; অনেকে এটিকে চরম কুরুচিপূর্ণ উপহাস হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন এটি ব্যক্তিগত বা রাজনৈতিক প্রতিহিংসার ফল।

নিজের নামে এমন অপপ্রচারের বিষয়ে সিরাজপুর ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. খোকন জানান, কয়েক দিন আগে তার সন্তানকে মারধরের ঘটনা নিয়ে স্থানীয় জামায়াতের নেতাদের সাথে তার বিরোধ তৈরি হয়। সেই ঘটনার পর মামলার প্রস্তুতি নিলে তাকে সামাজিকভাবে হেয় করতে পরিকল্পিতভাবে এই অপপ্রচার চালানো হয়েছে। তিনি ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ঘটনার বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টারের বিষয়টি থানা পুলিশের নজরে এসেছে। পুরো বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাই করা হচ্ছে এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *