প্রধান খবর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সফরে প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন ও অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরবেন। নিউইয়র্কে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইনে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে কি না জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, সফরের প্রাথমিক উদ্দেশ্য জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া। প্রধানমন্ত্রীর বৈঠক ও সাক্ষাতের বিষয়গুলো চূড়ান্ত হলে জানানো হবে।

এদিকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের আগ্রহের কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সীমান্তে বেসামরিক মানুষ হত্যার বিষয়টি কূটনৈতিক চ্যানেলে আলোচনায় রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরাতে ব্রিটেনসহ কয়েকটি দেশের সঙ্গে সরকার কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *