প্রধান খবর

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত পাঁচ লাখ রুশ নাগরিক: যুক্তরাজ্যের সেনাপ্রধান

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত সাড়ে চার বছরে প্রায় ৫ লাখ  রুশ নাগরিক নিহত হয়েছেন। নিহতদের তালিকায় সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি বেসামরিক নাগরিকরাও রয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক সামরিক গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক এক প্রতিবেদনের বরাত দিয়ে চাঞ্চল্যকর এ তথ্য প্রকাশ করেছেন ব্রিটেনের সেনাপ্রধান এয়ার চিফ মার্শাল রিচ নাইটন।

সংবাদমাধ্যমের উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় যুক্তরাজ্যের সেনাপ্রধান জানান, ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধে নিহত ৫ লাখের পাশাপাশি আরও প্রায় ১৫ লাখ রুশ নাগরিক গুরুতর আহত হয়েছেন। নিহত ও আহতদের বিশাল একটি অংশই রাশিয়ার সশস্ত্র বাহিনীর সক্রিয় সদস্য।

ভিডিও বার্তায় এয়ার চিফ মার্শাল নাইটন উল্লেখ করেন, গোয়েন্দা প্রতিবেদনে দেখা গেছে নিহত হওয়ার এই ঘটনাগুলোর বড় একটি অংশ ঘটেছে ২০২৩ সালের জানুয়ারি থেকে পরবর্তী সময়ে। বিপুল পরিমাণ জনবল ও প্রাণের বিনিময়ে ইউক্রেনের মোট ভূখণ্ডের মাত্র দুই শতাংশ এলাকা নিজেদের দখলে নিতে সমর্থ হয়েছে রুশ বাহিনী। সামান্য ভূখণ্ড দখলের জন্য এই পরিমাণ প্রাণহানিকে এক নজিরবিহীন অপচয় হিসেবে দেখছেন মিত্র দেশের সেনাপ্রধান।

প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে যুক্তরাজ্যের সেনাপ্রধান ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে বলেন, ক্রেমলিনের একটি অন্যায্য ও আগ্রাসী লক্ষ্য অর্জনের জন্য কীভাবে অগণিত মানুষের জীবন অর্থহীনভাবে বল দেওয়া হচ্ছে-হতাহতের এই ভয়াবহ পরিসংখ্যান তা স্পষ্ট করে তোলে।

স্বল্প অগ্রগতির বিপরীতে এমন বিপুলসংখ্যক হতাহতের ঘটনা রাশিয়ার অভ্যন্তরীণ সামরিক শক্তি ও নেতৃত্বের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে বলে মনে করছেন সামরিক ও কূটনৈতিক বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *