সংসদীয় কার্যক্রম আরও গতিশীল ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অর্পিত দায়িত্ব বৃদ্ধি করেছে সরকার। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্ত জানানো হয়।
মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন রাষ্ট্রপতির কার্যালয় এবং প্রধান মন্ত্রীর দায়িত্বাধীন মন্ত্রণালয় ও বিভাগসহ যেসকল মন্ত্রণালয় বা বিভাগে মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী নিয়োগপ্রাপ্ত নেই, সেগুলোর সংসদ বিষয়ক কার্যাবলি নির্দিষ্ট পুনর্বিন্যাস অনুযায়ী সম্পাদিত হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সংসদ বিষয়ক কার্যাবলি সম্পাদনের দায়িত্ব অর্পণ করা হয়েছে। সংসদে তাঁর অনুপস্থিতিতে এই দায়িত্ব যৌথ বা পর্যায়ক্রমে পালন করবেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
অন্যদিকে, রাষ্ট্রপতির কার্যালয়, নির্বাচন কমিশন সচিবালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংসদ বিষয়ক দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খানকে। সংসদ চলাকালে তাঁর অনুপস্থিতিতে এ সংক্রান্ত কার্যাবলি সম্পাদন করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
হঠাৎ করেই জাতীয় সংসদের অধিবেশনকালীন এই অতিরিক্ত দায়িত্ব বন্টনকে প্রশাসনিক এবং সংসদীয় কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনীতি ও প্রশাসনিক পর্যবেক্ষকেরা। এর ফলে মন্ত্রীহীন দপ্তরগুলোর কার্যাবলি সংসদে পেশ এবং এ সংক্রান্ত প্রশ্নের উত্তর প্রদান কার্যক্রম আরও সুশৃঙ্খল হবে।

