সিলেট নগরের শাহজালাল উপশহরে চুরির অপবাদে ১৬ বছর বয়সী এক কিশোরীর কোমরে শিকল বেঁধে রাস্তায় ঘোরানো ও অমানবিক নির্যাতনের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর তীব্র সমালোচনার মুখে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-শাহজালাল উপশহরের সি-ব্লক এলাকার জাকির হোসেন (৪৩), তার ভাই মোজাক্কির হোসেন (৪০) এবং একই এলাকার বুরহান উদ্দিন (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় শাহজালাল উপশহরের ডি-ব্লক মসজিদ মার্কেটের একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগে ওই কিশোরীকে আটক করেন স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও বাসিন্দা। আটকের পর তাকে বেধড়ক মারধর করা হয় এবং একপর্যায়ে তার কোমরে শিকল বেঁধে দেওয়া হয়। রাত ১১টার দিকে শিকল বাঁধা অবস্থায় কাঁদতে থাকা কিশোরীকে প্রকাশ্যে রাস্তায় টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং প্রাথমিক আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করে।
পরবর্তীতে ঘটনার একটি মর্মান্তিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক নিন্দার ঝড় ওঠে। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তৎপর হয়ে ওঠে প্রশাসন। ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িতদের শনাক্ত করে সিলেটের শাহপরান থানা পুলিশ।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ও সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, অমানবিক এই নির্যাতনের ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে এবং ঘটনার সাথে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।

