ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনাটি বাংলাদেশ সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কূটনৈতিক ও আইনগতভাবে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, রোমে বাংলাদেশ দূতাবাস এবং মিলানে কনস্যুলেট জেনারেল সার্বক্ষণিকভাবে বাঁধনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং তাকে প্রয়োজনীয় সব ধরনের কনস্যুলার ও আইনি সহায়তা প্রদান করছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী এবং আখতার হোসেনের উত্থাপিত দাবির জবাবে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সংসদে বলেন, বাঁধন ইতোমধ্যে ইতালির স্থানীয় পুলিশ ও বাংলাদেশ দূতাবাসে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করছেন। লিখিত অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে ও জোরালোভাবে উপস্থাপন করা হবে। ইতালীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযুক্ত হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিমন্ত্রী মঙ্গলবার বিকেলে বাঁধনের সঙ্গে টেলিফোনে কথা বলে সরকারের পক্ষ থেকে সার্বিক সুরক্ষার আশ্বাস দিয়েছেন।
সংসদে এক আবেগঘন বক্তব্যে প্রতিমন্ত্রী আরও বলেন, “আজমেরী হক বাঁধনের মতো একজন ‘জুলাই যোদ্ধা’র ওপর হামলা কেবল একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়; এটি বাংলাদেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও চেতনার ওপর স্পষ্ট আঘাত।” এ ঘটনায় জড়িত অপরাধীদের বিচারে সোপর্দ করতে সরকার বিন্দুমাত্র ছাড় দেবে না বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ হামলাকে ‘অমার্জনীয় অপরাধ’ হিসেবে উল্লেখ করে সংসদকে এ বিষয়ে গৃহীত পদক্ষেপের অগ্রগতি জানানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিকনির্দেশনা দেন।

