প্রধান খবর

অশ্লীল ছবি না দেওয়ায় বিয়ে ভাঙল ইতালি প্রবাসী, তরুণীর আত্মহত্যা

হবু বরের অনৈতিক ও আপত্তিকর দাবি মানতে রাজি না হওয়ায় বিয়ে ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে এক ইতালি প্রবাসীর বিরুদ্ধে। আর এই চরম মানসিক যন্ত্রণা ও ক্ষোভ সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছেন মীম বেগম (২০) নামে এক তরুণী। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামে এমন মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে

নিহতের পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় সাত মাস আগে শ্রীনগর গ্রামের জীবন মিয়ার মেয়ে মীম বেগমের সঙ্গে একই ইউনিয়নের শিরার বাড়ির দুলাল মিয়ার ছেলে ইতালি প্রবাসী পাভেল মিয়ার (২২) পারিবারিকভাবে বিয়ের কথা পাকা হয়। সে সময় আনুষ্ঠানিকভাবে পাত্রীকে আংটিও পরানো হয়। আংটি বদলের পর থেকেই মুঠোফোনে ইতালি প্রবাসী পাভেলের সঙ্গে নিয়মিত যোগাযোগ হতো মীমের। তবে সম্পর্কের একপর্যায়ে পাভেল তার হবু স্ত্রীর কাছে ব্যক্তিগত ও আপত্তিকর ছবি পাঠাতে চাপ দিতে থাকেন।

প্রবাসীর এমন অনৈতিক দাবি সরাসরি প্রত্যাখ্যান করেন তরুণী। এ নিয়ে দুজনের মধ্যে বেশ কয়েকবার তীব্র বাগ্‌বিতণ্ডা হয়। পরবর্তীতে পাভেল নিজের অনৈতিক দাবি থেকে সরে না এসে উল্টো উপহারের আংটি ও আনুসঙ্গিক টাকা ফেরত পাঠিয়ে একতরফাভাবে বিয়ে বাতিলের ঘোষণা দেন। বাগদানের পর বিয়ে ভাঙন এবং হয়রানির মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে গত মঙ্গলবার রাতে ঘরে থাকা ইঁদুরের বিষ পান করেন মীম। সংকটজনক অবস্থায় তাকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আইনগত পদক্ষেপের বিষয়ে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলেই অভিযুক্তের বিরুদ্ধে  প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *