দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার বঙ্গভবনে উঠছেন। রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনে পৌঁছানোর পর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করবে।
আজ সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বঙ্গভবনে পৌঁছানোর পর আনুষ্ঠানিকভাবে তাকে স্বাগত জানানো হবে এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা গার্ড অব অনার প্রদান করবেন।
এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের এই প্রক্রিয়া সম্পন্ন হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাকে বিজয়ী ঘোষণা করেন।
পরবর্তীতে ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে রাষ্ট্রপতির শপথ গ্রহণ করেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে ওঠার মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার সরকারি কার্যক্রমের নতুন পর্ব শুরু হচ্ছে।

