প্রধান খবর

নেতানিয়াহুর বিরুদ্ধে রেড নোটিশ চায় তুরস্ক

গাজামুখী ‘গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলা’য় হামলার ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও এক ইসরায়েলি সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে তুরস্ক। দেশটির আইনমন্ত্রী আকিন গুরলেক সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

তুর্কি আইনমন্ত্রীর দাবি, গত ১৪ জুলাই নেতানিয়াহু ও আফেক মোসকোভিচের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর তাদের আন্তর্জাতিকভাবে খুঁজে বের করার প্রক্রিয়া শুরু করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। ইস্তাম্বুলের ১১তম ভারী ফৌজদারি আদালতে মামলাটি চলমান রয়েছে।

মামলায় মোট ৩৫ জনকে আসামি করা হয়েছে। আন্তর্জাতিক জলসীমায় গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সশস্ত্র হস্তক্ষেপের অভিযোগকে কেন্দ্র করে মামলাটি করা হয়েছে। নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, নির্যাতন, ইচ্ছাকৃতভাবে আহত করা, স্বাধীনতা হরণ, সম্পদ ক্ষতিসাধন, ডাকাতি ও পরিবহন যান ছিনতাইয়ের মতো অভিযোগও রয়েছে।

তুরস্কের এ উদ্যোগের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ‘ইহুদিবিদ্বেষী স্বৈরশাসক’ হিসেবে আখ্যায়িত করেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার জন্য তুরস্কের বিরুদ্ধে অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত রাখার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

গত মে মাসে তুরস্কের নেতৃত্বে গাজার উদ্দেশে যাত্রা করা একটি নৌবহরে চার শতাধিক মানবাধিকারকর্মী ছিলেন। আন্তর্জাতিক জলসীমায় নৌবহরটি আটকে দেওয়ার পর কর্মীদের সঙ্গে আচরণ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘটনায় ফ্রান্স, ইতালি ও অস্ট্রেলিয়াতেও বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। তবে তুরস্কের আবেদন অনুযায়ী ইন্টারপোল রেড নোটিশ জারি করবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *