প্রধান খবর

‘ডলি জহুর আসামি হতে পারে’ – নীলা চৌধুরী

প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর ২৯ বছর পর দায়ের হওয়া হত্যা মামলাকে ঘিরে বিনোদন অঙ্গনে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। সম্প্রতি এই মামলার অন্যতম আসামি খল অভিনেতা আশরাফুল হক ওরফে ডন’কে গ্রেপ্তারের পর তদন্তের পরিধি আরও বিস্তৃত করার জোরালো দাবি জানিয়েছেন সালমানের মা নীলা চৌধুরী।

ছেলের হত্যার বিচারের দাবিতে এবার জ্যেষ্ঠ অভিনেত্রী ডলি জহুরসহ একাধিক চলচ্চিত্র ব্যক্তিত্বের দিকে অভিযোগের আঙুল তুলেছেন নীলা চৌধুরী। তাঁর স্পষ্ট দাবি, সালমান শাহর মৃত্যুর দিনের ঘটনা সম্পর্কে অভিনেত্রী ডলি জহুর অনেক কিছু জানতেন। তদন্তের স্বার্থে ডলি জহুর ও চলচ্চিত্র পরিচালক বাদল খন্দকারসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এবং সত্য উন্মোচনে দরকার মনে করলে ডলি জহুরকে মামলায় আসামি করার কথাও জানান তিনি।

এদিকে, গত ১০ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডন হককে আটক করা হয়। ডন হককে গ্রেপ্তারে সহায়তার জন্য খল অভিনেতা ডিপজলকে ধন্যবাদ জানিয়ে নীলা চৌধুরী বলেন, ডনকে অপরাধী মনে না করলে ডিপজল তাকে ধরিয়ে দিতেন না। তৎকালীন চলচ্চিত্র অঙ্গনের প্রকৃত চিত্র জানার জন্য ডিপজলকেও সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদের দাবি জানান তিনি। পাশাপাশি, একজন হত্যা মামলার আসামি কীভাবে এফডিসিতে এসে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দেয়-তা নিয়ে তীব্র প্রশ্ন তুলে সমিতির বর্তমান সভাপতি ও শিবা শানুসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের আওতায় আনার জোর দাবি জানান।

উল্লেখ্য, দীর্ঘ ২৯ বছর পর আদালতে গড়ানো এই হত্যা মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই এবং অভিনেতা ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। দীর্ঘদিন পর মূল আসামি গ্রেপ্তার ও নতুন নতুন তথ্য উঠে আসায় বহুল আলোচিত এই মামলার বিচার প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা-কল্পনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *