সাবেক মন্ত্রী ডা. দীপু মনি তাঁর প্রয়াত স্বামী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফন প্রক্রিয়ায় অংশ নেওয়া শেষে পুনরায় মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরে গেছেন। নির্ধারিত ১২ ঘণ্টার প্যারোলের মেয়াদ শেষ করে বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টা ৫৮ মিনিটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজন ভ্যানে করে তাঁকে কারাফাটকে ফিরিয়ে নিয়ে আসা হয়।
এর আগে সাবেক মন্ত্রী ডা. দীপু মনির মেয়ের আবেদনের প্রেক্ষিতে মানবিক দিক বিবেচনা করে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য তাঁর প্যারোল মঞ্জুর করে জেলা প্রশাসন।
কারা হেফাজতেই সকালে রাজধানীর গুলশান আজাদ মসজিদে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজার নামাজ সম্পন্ন হয়। পরবর্তীতে বনানী কবরস্থানে মরহুমের দাফন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এই সকল আনুষ্ঠানিকতায় অংশ গ্রহণ শেষে নির্ধারিত সময়ের মধ্যেই তাঁকে কারা কর্তৃপক্ষের দায়িত্বশীল টিমের নিকট হস্তান্তর করা হয় এবং তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে প্রবেশ করেন।

