সংসদীয় দলের সভায় বিদায়ি বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়লেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে আয়োজিত বিএনপির সংসদীয় দলের গুরুত্বপূর্ণ এ সভায় সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে অংশ নেওয়া একাধিক সংসদ সদস্য জানান, বক্তব্যের শুরুতেই চোখের জল ধরে রাখতে পারেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি পরম শ্রদ্ধায় স্মরণ করেন প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এবং তাঁর রাজনৈতিক অভিভাবকত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দীর্ঘ রাজনৈতিক পথচলার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিএনপিতে যোগ দেওয়ার পর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব এবং পরবর্তীতে দীর্ঘ সময় মহাসচিব হিসেবে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছেন। দীর্ঘ এ সফরনামায় চলার পথে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে অথবা অজান্তে কারো মনে আঘাত দিয়ে থাকলে তিনি সবার কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করেন।
রাষ্ট্রপতি নির্বাচনে দলের সমর্থনকে জীবনের অন্যতম বড় সম্মান উল্লেখ করে মির্জা ফখরুল দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, দল তাঁকে যে মর্যাদা ও দায়িত্ব দিয়েছে, নিজের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেই সম্মান রক্ষা করবেন। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও দেশীয় স্বার্থের প্রশ্নে কখনোই কোনো আপস করবেন না। বৈঠকে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত সংসদ সদস্যদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়ার আহ্বান জানান।

