প্রধান খবর

ভারতের স্বাধীনতা দিবসে হিন্দু ছাত্রীদের বোরকা নাচ

ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপনের একটি অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বী ছাত্রীদের বোরকা পরে নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর উত্তরপ্রদেশের গোন্ডা জেলার একটি বেসরকারি স্কুল সিলগালা করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

জেলা প্রশাসনের প্রাথমিক তদন্তে জানা গেছে, বাবানজোট এলাকার আউসানি বুজুর্গ গ্রামে অবস্থিত বিদ্যালয়টি সরকারের কোনো ধরনের বৈধ অনুমতি বা অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছিল। ভিডিওটি ভাইরালের পর বিষয়টি রাজ্যজুড়ে আলোচনার জন্ম দিলে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ সরাসরি অনুসন্ধানে নামে।

গোন্ডার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (বিএসএ) অমিত কুমার সিং জানান, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দৃষ্টিগোচর হওয়ার পর ব্লক শিক্ষা কর্মকর্তা (বিইও) রিয়াজ আহমেদকে তাৎক্ষণিক সরেজমিনে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্ত প্রতিবেদনে উঠে আসে, বেআইনি পরিচালনার জন্য প্রায় এক সপ্তাহ আগেই প্রতিষ্ঠানটি বন্ধের নির্দেশনা জারি করা হয়েছিল। সেই প্রশাসনিক নির্দেশ তোয়াক্কা না করেই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তদন্ত শেষে বিইও-র উপস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্কুলের ব্যবস্থাপক ও অধ্যক্ষের কক্ষসহ প্রধান ফটক চূড়ান্তভাবে সিলগালা করে দেয়। শিক্ষা কর্মকর্তা নিশ্চিত করেছেন, সিলগালা হওয়া প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা জীবন যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যে তাঁদের পাশের সরকারি ও স্বীকৃত বিদ্যালয়ে অতি দ্রুত ভর্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে, বিতর্কিত সাংস্কৃতিক আয়োজনের পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা নিয়েও তদন্ত চলায় এলাকাটিতে জোর আলোচনা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *