অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম (এবিবিএফ)-এর নির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের সমন্বয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মিণ্টোস্থ এবিবিএফ-এর প্রধান কার্যালয়ে আয়োজিত এই সভায় সংগঠনের চলমান প্রকল্প, ভবিষ্যৎ রূপরেখা ও আসন্ন কর্মসূচি নিয়ে বিশদ আলোচনা করা হয়।
এবিবিএফ-এর সভাপতি আবদুল রতন খানের সভাপতিত্বে এবং নির্বাহী সদস্য হোসেন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এই বৈঠকে নির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের শীর্ষ সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট অর্থাৎ বার্ষিক সাধারণ সভা (AGM) আয়োজন নিয়ে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। সামগ্রিক পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে আগামী ২০ অথবা ২৭ নভেম্বর এবিবিএফ-এর বার্ষিক সাধারণ সভা আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন এবিবিএফ-এর যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান, নির্বাহী সদস্য মোজাম্মেল হোসেন বাবু, মো. সাইফুল ইসলাম, সৈয়দ রহমান মিঠু, মো. লুৎফর রহমান টিপু ও মো. মাইদুর রহমান তরুণ। উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে নেসার খান ও নাইম আবদুল্লাহ সহ অনন্য সদস্যরাও এতে উপস্থিত থেকে নিজেদের গুরুত্বপূর্ণ অভিমত প্রদান করেন।
বৈঠকে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও পেশাজীবীদের মাঝে প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদার, পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র প্রসারিত করা এবং সংগঠনের ভিত্তিকে আরও গতিশীল করার ওপর জোরালো তাগিদ দেওয়া হয়। সভাপতি আবদুল রতন খান সকল সদস্যের সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক উত্তরোত্তর প্রসারে এবিবিএফ-এর ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

