বিদ্যমান গ্যাস ও জ্বালানি সংকট আগের সরকারের নীতিহীন সিদ্ধান্ত ও অপকর্মের ফল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য, সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। জনগণের সাময়িক দুর্ভোগের দায় স্বীকার করে তিনি জানান, বর্তমান সরকার এই সমস্যা সমাধানে নিরলস কাজ করছে এবং জ্বালানি খাতে স্বাভাবিক ও ভালো পরিস্থিতি ফিরিয়ে আনতে অন্তত দুই বছর সময় লাগবে।
মঙ্গলবার ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রসারে জোর দিয়ে ডা. জাহেদ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতে এবং এতে গতি আনতে জেলা প্রশাসকদের বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
গ্যাস সংকটকে কেন্দ্র করে বিরোধী দলের আন্দোলনের বিষয়ে প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, বিরোধী দল সরকারের ওপর একপেশে দায় চাপিয়ে রাজনীতি করার চেষ্টা করছে, যা কোনোভাবেই কাম্য নয়। জনগণ এখন নানা ভোগান্তির মুখোমুখি এবং এ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন। তবে রাজপথে অনাকাঙ্ক্ষিত আন্দোলন ও বিশৃঙ্খলা সৃষ্টি না করে বিরোধী দলকে সংসদে এসে যুক্তি তুলে ধরার আহ্বান জানান তিনি। অযৌক্তিক আন্দোলন দিয়ে জনগণের দুর্ভোগ বাড়ালে সাধারণ মানুষ তা প্রত্যাখ্যান করবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

