বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি কখনো রাষ্ট্রপতি হবেন এমনটা ভাবেননি। এটি দলীয় সিদ্ধান্ত এবং মহান আল্লাহর বিশেষ অশেষ মেহেরবানি। রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হলেও সাধারণ জনগণের খুব কাছাকাছি থেকে এবং এলাকার উন্নয়নে পাশে থেকে সার্বিক সেবা পৌঁছে দেওয়ার দৃঢ় ইচ্ছে ব্যক্ত করেন তিনি।
মঙ্গলবার সকালে রাজধানীর হেয়ার রোডস্থ সরকারি বাসভবনে ‘ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকা’র নেতৃবৃন্দের সাথে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎকালে মির্জা ফখরুল এসব কথা বলেন। এ সময় ফোরামের সাংবাদিক নেতারা তাকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে অগ্রিম শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান। নেতৃবৃন্দের ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে ফখরুল মহান সৃষ্টিকর্তার প্রতি গভীর শুকরিয়া জ্ঞাপন করেন এবং উপস্থিত সবার ব্যক্তিগত খোঁজখবর নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত সৌজন্য সাক্ষাৎকালে ‘ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম ঢাকা’র সভাপতি মানিক মুনতাসির, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বাসসের প্রধান বার্তা সম্পাদক মানিকুল আজাদসহ সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শীর্ষ নেতৃবৃন্দ ও জ্যেষ্ঠ সাংবাদিক উপদেষ্টারা উপস্থিত ছিলেন। বিএনপি মনোনীত রাষ্ট্রপতির এই পদপ্রার্থীর এমন বক্তব্য সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে।

