ওমানের শ্রমবাজার খুলে গেছে, ব্যাপক ভিসা চালু হয়েছে কিংবা ‘ফ্রি ভিসা’ দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন প্রচারণাকে গুজব ও বিভ্রান্তিকর বলে সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস, মাস্কাট।
বুধবার (১২ আগস্ট) ভিসাসংক্রান্ত এক সচেতনতামূলক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, ওমান সরকার এখনো বিদেশি কর্মী নিয়োগ, ভিসা ইস্যু বা শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে কোনো ঘোষণা দেয়নি।
সম্প্রতি ওমানি এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে শ্রমবাজার খোলার বিষয়ে বিভিন্ন প্রচারণা ছড়িয়ে পড়ে। তবে ওই বিজ্ঞপ্তিটি ওমান সরকারের পক্ষ থেকে শ্রমবাজার উন্মুক্ত করার ঘোষণা নয় বলে জানিয়েছে দূতাবাস।
দূতাবাসের তথ্য অনুযায়ী, বিজ্ঞপ্তিতে আল ধাহিরাহ অঞ্চলে কৃষি শ্রমিকের চাহিদা নিরূপণ এবং প্রয়োজন হলে ওই অঞ্চলের কৃষিকাজের জন্য সীমিত পরিসরে ভিসা অনুমোদনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে সার্বিকভাবে ওমানের শ্রমবাজার উন্মুক্ত হওয়ার কোনো ঘোষণা দেওয়া হয়নি।
বর্তমানে ওমান সরকার ‘ওমানাইজেশন’ নীতির আওতায় বিদেশি কর্মী নিয়োগে বিভিন্ন বিধিনিষেধ কার্যকর রেখেছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারণায় বিশ্বাস করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান না করার পরামর্শ দিয়েছে দূতাবাস।
ওমানে কর্মসংস্থান ও ভিসাসংক্রান্ত তথ্য বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বিএমইটি এবং ওমান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সূত্র থেকে যাচাই করতে বলা হয়েছে। যেকোনো অগ্রগতি দূতাবাসের অফিসিয়াল মাধ্যমে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

