এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে চরম মানসিক কষ্টে কুষ্টিয়ার ভেড়ামারায় তানিয়া খাতুন (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।
নিহত তানিয়া ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া গ্রামের চেয়ারম্যান গেট সংলগ্ন এলাকার প্রবাসী আক্তারুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোষিত এসএসসি পরীক্ষার ফলাফলে তানিয়া দুটি বিষয়ে অকৃতকার্য হয়। কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। পরবর্তীতে রোববার রাত ১২টার দিকে নিজ কক্ষে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভেড়ামারা থানায় পাঠায়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ মর্মান্তিক ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রজু করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, তানিয়া এসএসসি পরীক্ষায় দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছিল। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো পারিবারিক কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

