প্রধান খবর

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে শুনানি শুরু

মাগুরায় দেশজুড়ে আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং আপিলের শুনানি অগ্রাধিকার ভিত্তিতে শুরু হয়েছে। মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিচারিক প্রক্রিয়া শুরু হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইমাম হোসেন তারেক। এ সময় তাকে সহায়তা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দীকা ও মাহবুবা তাসনিম আঁখি।

মামলার ইতিহাস সূত্রে জানা যায়, ২০২৫ সালের মার্চের শুরুতে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে পৈশাচিক ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয় শিশু আছিয়া। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা ও ফরিদপুরের হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সবশেষ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০২৫ সালের ১৩ মার্চ জীবনযুদ্ধে হেরে গিয়ে মারা যায় আছিয়া।

পৈশাচিক এই ঘটনার পর মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ২০২৫ সালের ১৭ মে মামলার প্রধান আসামি—শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়। পরবর্তীতে নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের নথি (ডেথ রেফারেন্স) হাইকোর্টে পাঠানো হয়।

উল্লেখ্য, নারী ও শিশু নির্যাতনের মতো স্পর্শকাতর মামলাগুলোর আপিল ও ডেথ রেফারেন্স দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রধান বিচারপতি কর্তৃক গঠিত বিশেষ হাইকোর্ট বেঞ্চে মামলাটির শুনানি চলছে। রাষ্ট্রপক্ষের গঠিত বিশেষ আইনজীবী দল দ্রুত বিচার নিশ্চিতের লক্ষ্যে শুনানি পরিচালনা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *