ইউক্রেনের আরও চারটি বসতি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া। মঙ্গলবার (১১ আগস্ট) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, রুশ বাহিনী খারকিভ অঞ্চলের শেরবাকিভকা এবং জাপোরিঝিয়া অঞ্চলের নোভে পোলের নিয়ন্ত্রণ নিয়েছে। পাশাপাশি দোনেৎস্ক অঞ্চলের ভাসিউতিনস্কে ও তোরেৎস্ক দখলেরও দাবি করা হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভাসিউতিনস্কে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ক্রামাতোরস্ক শহরের কয়েক কিলোমিটার পূর্বে অবস্থিত। অন্যদিকে তোরেৎস্ক শহরটি দ্রুজকিভকার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
দোনেৎস্ক অঞ্চলে রুশ বাহিনী ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে বলে মস্কোর পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে প্রায় ১ হাজার ৯৩০ কিলোমিটার দীর্ঘ যুদ্ধক্ষেত্রে সাম্প্রতিক কয়েক মাসে বড় ধরনের ভৌগোলিক পরিবর্তন তুলনামূলকভাবে সীমিত রয়েছে।
রাশিয়ার এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। ইউক্রেনীয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

