২০২৬ সালের এসএসসি পরীক্ষায় নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের ৩৮২ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৩৭৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ছয়জন শিক্ষার্থী রয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি পাবলিক পরীক্ষায় ধারাবাহিকভাবে সাফল্য ধরে রেখেছে। ২০২৫ সালেও ৩২০ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছিল। এর আগে ২০২২ সালেও ২৬৬ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ অর্জন করে।
বিদ্যালয়ের শিক্ষার্থী তাজরিয়ান হোসেন মুন বলেন, বাবা-মা ও শিক্ষকদের পরিশ্রমের পাশাপাশি নিয়মিত ক্লাস, পরীক্ষা ও মডেল টেস্টে অংশ নেওয়ার কারণে এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে। জিপিএ-৫ পেয়ে তিনি আনন্দিত।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা বলেন, শতভাগ পাসের পাশাপাশি শতভাগ জিপিএ-৫ পাওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে। পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টাই এ সাফল্যের মূল কারণ বলে তিনি উল্লেখ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন জানান, পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয় এবং নিয়মিত পরিশ্রমের ফলে এ সাফল্য এসেছে। একাডেমিক ফলাফলের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও প্রতিষ্ঠানটি সাফল্য অর্জন করে আসছে।

