নড়াইলের লোহাগড়ায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে খোকন হাওলাদার নামে এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজারের মাগুরা স্ট্যান্ড এলাকায় শ্যামার চায়ের দোকানে এ ঘটনা ঘটে। আহত খোকন হাওলাদার লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কচুবাড়িয়া গ্রামের হারুন নামে এক মাদক কারবারি ইয়াবাসহ শ্যামার চায়ের দোকানে অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে এসআই খোকন হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।
পুলিশ অভিযান শুরু করলে হারুন, শ্যামা লুৎফারসহ ২০ থেকে ২৫ জনের একটি দল সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে এসআই খোকন হাওলাদার গুরুতর আহত হন। হামলার পর অভিযুক্তরা মাদকসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে পুলিশ সদস্য ও স্থানীয়দের সহায়তায় আহত এসআইকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক ডা. হিমেল জানান, মাথায় আঘাত পাওয়ায় তাকে দুটি সেলাই দেওয়া হয়েছে। এক্স-রে রিপোর্ট পাওয়ার পর আঘাতের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
লোহাগড়া থানার ওসি আব্দুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

