প্রধান খবর

সাকিবের রেকর্ড মুছে ফেলার দাবি শফিকুলের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সব রেকর্ড, পরিসংখ্যান ও মাইলফলক ক্রিকেট ইতিহাস থেকে মুছে ফেলার আহ্বান জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। সেখানে শফিকুল আলম অভিযোগ করেন, সাকিব এমন একজন ব্যক্তিকে প্রকাশ্যে সমর্থন করেছেন, যাকে তিনি ‘গণহত্যাকারী’ হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য, এ ধরনের অবস্থানের কারণে ক্রিকেট ইতিহাসে সাকিবের স্থান থাকা উচিত নয়।

পোস্টে শফিকুল আলম দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার ব্যারি রিচার্ডস, গ্রায়েম ও পিটার পোলক, মাইক প্রোক্টর ও এডি বার্লোর প্রসঙ্গও উল্লেখ করেন। তিনি দাবি করেন, ওই ক্রিকেটাররা বর্ণবাদী শাসনব্যবস্থার অংশ হওয়ার কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেও তাদের বিরুদ্ধে দুর্নীতি বা সহিংসতার অভিযোগ ছিল না।

সাকিবের রাজনৈতিক অবস্থান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি তার কথিত সমর্থনের সমালোচনা করে শফিকুল আলম আরও বলেন, মানবতাবিরোধী অপরাধে সহযোগিতা কিংবা বিতর্কিত রাজনৈতিক অবস্থানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ‘ক্রীড়া বীর’ হিসেবে প্রতিষ্ঠা করার প্রয়োজন নেই।

পোস্টের শেষাংশে তিনি ২০০৯ সালের বিডিআর সদর দপ্তরের হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বিভিন্ন ক্রীড়াবিদদের দণ্ডিত হওয়ার কথা উল্লেখ করেন। তার দাবি, সেসব ঘটনার ক্ষেত্রে কেউ ক্ষমার আবেদন করেনি; তাই কোনো গণহত্যার সমর্থক বা প্রশ্রয়দাতাও দায়মুক্তি পাওয়া উচিত নয় বলে তিনি মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *