নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে আদালতে বিচারাধীন মামলার মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারকালে তিনি এই মন্তব্য করেন। একই সাথে দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলা এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে লাল-সবুজের প্রতিনিধি হয়ে মাঠে নামার তীব্র ইচ্ছার কথা ব্যক্ত করেছেন এই তারকা অলরাউন্ডার।
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তন ও শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। শ্রীলঙ্কা থেকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানান, সরকার যদি তার নিরাপত্তা নিশ্চিত করে এবং তাকে দেশে ফেরার সবুজ সংকেত দেয়, তবে তিনি সানন্দে ফিরবেন। তার বিরুদ্ধে আনা সকল আইনি প্রক্রিয়া মোকাবিলা করতে তিনি তৈরি, কারণ তিনি কোনো অপরাধের সাথে যুক্ত ছিলেন না। তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে দেশে ফেরাই তার প্রধান লক্ষ্য।
সম্প্রতি দিল্লির এক রাজনৈতিক কর্মসূচিতে ভার্চুয়ালি অংশ নেওয়ার পর বাংলাদেশে তার গ্রামের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এর প্রতিক্রিয়া হিসেবে সাকিব জানান, সেখানে তিনি কেবল শান্তি ও দেশের সার্বিক উন্নতির কথা বলেছেন, যার জন্য তার কোনো আফসোস নেই। তিনি আরও উল্লেখ করেন, এর আগে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ে আবেদন করেও মামলা সংক্রান্ত কোনো জবাব পাননি। বর্তমানে তিনি আইনি জটিলতা নিরসনে দেশের প্রশাসনিক শীর্ষ পর্যায়ের সাথে আলোচনার প্রত্যাশা রাখছেন।
নিজের বিরুদ্ধে থাকা আইনি অভিযোগ প্রসঙ্গে সাকিব জানান, তার বিরুদ্ধে বর্তমানে দুটি মামলা রয়েছে, যার মধ্যে একটি হত্যা মামলা এবং অন্যটি দুর্নীতি সংক্রান্ত। হত্যা মামলার ঘটনার দিন তিনি বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগে মাঠে ছিলেন উল্লেখ করে তিনি মামলাটিকে ভিত্তিহীন বলে দাবি করেন। এছাড়া দীর্ঘ দেড় বছর ধরে তার ব্যাংক হিসাব জব্দ থাকায় চরম ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বিগত এক দশকে দেশের সর্বোচ্চ করদাতা ক্রীড়াবিদদের একজন হওয়া সত্ত্বেও এমন বিচারহীনতা কাম্য নয়।
ক্রিকেট ক্যারিয়ার ও পারিবারিক জীবন নিয়ে সাকিব বলেন, বয়স বাড়লেও তিনি খেলাটি উপভোগ করছেন এবং বিশ্বজুড়ে বিভিন্ন লিগে খেলছেন। তবে দীর্ঘদিন ধরে মা-বাবার সাথে দেখা না হওয়া এবং তাদের বিদেশযাত্রায় বাধার কারণে পরিবারটি কঠিন সময় পার করছে। সব প্রতিকূলতা পেরিয়ে আবারও দেশের মাটিতে ক্রিকেট খেলে সম্মানের সাথে বিদায় নেওয়ার আশা ব্যক্ত করেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

