যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তিন বাংলাদেশি দীর্ঘ আইনি লড়াই শেষে মোট ২৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ পেয়েছেন। বাংলাদেশি মুদ্রায় প্রাপ্ত এই ক্ষতিপূরণের পরিমাণ আনুমানিক ৩৩ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা। প্রবাসীদের পক্ষে আন্তর্জাতিক পর্যায়ে সফল আইনি লড়াই চালিয়ে এই বিশাল অঙ্কের অর্থ আদায় করে দিয়েছেন নিউইয়র্কভিত্তিক সুপরিচিত বাংলাদেশি অ্যাটর্নি মঈন চৌধুরী।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, আনুমানিক তিন বছর আগে ট্যুরিস্ট ভিসায় যুক্তরাষ্ট্রে ভ্রমণে যান ওই তিন বাংলাদেশি নাগরিক। সেখানে অবস্থানকালে বিশ্বখ্যাত পর্যটন কেন্দ্র ‘নায়াগ্রা ফলস’ দেখার উদ্দেশ্যে রওনা হন তাঁরা। নায়াগ্রা ফলসের কাছাকাছি এলাকায় পৌঁছালে তাঁদের বহনকারী প্রাইভেট কারটিকে একটি দ্রুতগতির ট্রাক সজোরে ধাক্কা দেয়। ভয়াবহ এই সংঘর্ষে গাড়ির ভেতরে থাকা তিন জনেই গুরুতর আহত হন। মক্কেলদের বিশেষ অনুরোধ এবং নিরাপত্তার স্বার্থে আইনি কারণে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি।
আদালতের এই রায়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি মঈন চৌধুরী। তিনি জানান, দুর্ঘটনার সময় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ট্যুরিস্ট ভিসায় থাকার কারণে আইনি জটিলতা অনেকটাই বেশি ছিল, যা মামলাটিকে বিশেষভাবে আলোচনার জন্ম দিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, গত দুই দশকে কোনো প্রবাসী অন্যায়ভাবে চাকরিচ্যুত হলে, ভুল চিকিৎসার শিকার হলে কিংবা সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হলে তাঁদের আইনি সহায়তা দিয়ে এ পর্যন্ত প্রায় এক শ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ আদায় করতে সক্ষম হয়েছেন তাঁরা। এমনকি ট্যুরিস্ট ভিসায় আসা আহতদের ক্ষতিপূরণের অর্থ আদালতের রায়ের পর নিজে বাংলাদেশে গিয়ে সরাসরি তাঁদের হাতে পৌঁছে দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

